উপসাগরীয় দেশ সৌদি আরব ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশল- এই তিনটি গুরুত্বপূর্ণ পেশাগত সেক্টরে প্রবাসীদের নিয়োগ সীমিত করা হচ্ছে। এসব সেক্টরে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ‘সৌদিকরণ’ নীতিমালা আরও জোরালোভাবে বাস্তবায়ন শুরু করেছে সরকার।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই নতুন এই নীতিমালা কার্যকর করেছে, যা ২৭ জুলাই থেকে চালু হয়েছে। এর আওতায় প্রবাসীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ফার্মেসি সেক্টরে, এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে অন্তত ৩৫ শতাংশ, হাসপাতালের ফার্মেসিতে ৬৫ শতাংশ এবং অন্যান্য ফার্মেসি কার্যক্রমে ৫৫ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। এসব বিধান প্রযোজ্য হবে এমন ফার্মেসিগুলোর ক্ষেত্রে, যেখানে কমপক্ষে পাঁচজন কর্মী রয়েছে। এ ছাড়া এসব পেশায় নিযুক্ত সৌদিদের বেতন ন্যূনতম সাত হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।

দন্তচিকিৎসা খাতেও ৪৫ শতাংশ কর্মী সৌদি হতে হবে এবং তাদের বেতন হতে হবে কমপক্ষে ৯ হাজার রিয়াল।

অন্যদিকে, প্রযুক্তিগত প্রকৌশল খাতে যেসব প্রতিষ্ঠানে পাঁচজন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদি নাগরিকদের অংশগ্রহণ কমপক্ষে ৩০ শতাংশ হতে হবে। তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৫ হাজার রিয়াল।

সরকার বলছে, দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানো এবং সেবা খাতে দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *